‘ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না’: নাহিদ ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে এই নেতৃত্বকে দমন করার অপচেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।
শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ-কে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার অভিযোগ তুলে মামলা করার চেষ্টা করা হয়েছে। তবে আদালত সেই মামলাটি গ্রহণ করেনি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হওয়ার পরও এ ধরনের অপচেষ্টা উদ্বেগজনক এবং একই সঙ্গে নিন্দনীয়।
বিবৃতিতে নাহিদ ইসলাম আরও বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
তার মতে, যারা অতীতে গণআন্দোলনের মাধ্যমে পরাজিত হয়েছে, তারাই এখন বিভিন্ন কৌশলে আন্দোলনের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে।
এই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার চেষ্টা আসলে সেই আদর্শ ও আন্দোলনের চেতনাকেই আঘাত করার শামিল বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ প্রমাণ করে যে পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি অভিযোগ করেন, তারা কখনো গুজব, কখনো মামলা, আবার কখনো রাজনৈতিক অপপ্রচার ছড়িয়ে নতুন প্রজন্মের নেতৃত্বকে দমন করার চেষ্টা করছে। কিন্তু জনগণের সমর্থন ও গণআন্দোলনের শক্তির সামনে এ ধরনের অপশক্তি শেষ পর্যন্ত সফল হবে না বলেও তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, যারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়েছে, তারা এখনো দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাই এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি বলেন, আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেকোনো অপতৎপরতার মোকাবিলা করা হবে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের হয়রানিমূলক মামলা বা অপচেষ্টা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি যারা এ ধরনের ষড়যন্ত্রে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
তার মতে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করতে হলে পরাজিত অপশক্তির যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের যে অঙ্গীকার তরুণ প্রজন্ম করেছে, তা কোনো ভয়ভীতি বা মামলা দিয়ে দমন করা সম্ভব নয়।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং তাদের সমর্থকেরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে অটল রয়েছেন এবং ভবিষ্যতেও সে
ই লড়াই অব্যাহত থাকবে।
