জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বিকেলে শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে আত্মীয়কে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে তিনি অন্য আত্মীয়ের বাড়িতে গেলে সেই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান মাসুদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
এ সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শিশুটির মা বাড়িতে ফিরে এলে ভুক্তভোগী সব ঘটনা খুলে বলে। এরপর একই দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
পরে ৩০ মার্চ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ আত্মগোপনে ছিলেন।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে জামালপুর আদালতে হাজির করা হবে এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
