জামালপুরে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত যুবকের নাম মো. নাঈম (২০), তিনি দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে নাঈমের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি রাউন্ড গুলি, একটি রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় চাপাতি, চারটি মোবাইল ফোন এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, “দেশীয় অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ ঘটনায় স্থানীয় মানুষজন জানান, সম্প্রতি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। আটককৃত নাঈমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
