চড়া দামে পেট্রোল বিক্রি, শ্বশুর-জামাইকে ১ মাসের কারাদণ্ড
জামালপুর শহরে অবৈধভাবে পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে শ্বশুর-জামাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, জামালপুর শহরের লম্বা গাছ এলাকায় অবস্থিত ‘হাবিব মোটরস’-এ দীর্ঘদিন ধরে চড়া দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন শ্বশুর মো. হাবিব ও তার জামাই নাজমুল হাসান।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযোগ রয়েছে, তারা নিজেদের মোটরসাইকেল এবং পরিচিতদের মোটরসাইকেল থেকে পেট্রোল সংগ্রহ করে বোতলজাত করে বেশি দামে বিক্রি করতেন।
অভিযানের সময় ‘হাবিব মোটরস’ থেকে প্রায় ৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শ্বশুর ও জামাইকে দোষী সাব্যস্ত করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল কিনে তা ট্যাংক থেকে বের করে বোতলে সংরক্ষণ করে উচ্চ মূল্যে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই আইনের বিধান লঙ্ঘনের দায়ে মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
