শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা যা জানা গেল

 


শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, একজন বৈধ প্রার্থীর মৃত্যুর ফলে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে নতুন তপশিল ঘোষণা করা হবে। ইসি সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এবং ভোটগ্রহণের আগ মুহূর্তে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়। এই বিধানের আলোকে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এদিকে প্রার্থীর মৃত্যুর ফলে শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। ইসি জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তপশিল ঘোষণা করা হবে। নতুন তপশিল ঘোষণার পর ওই আসনে পুনরায় নির্বাচন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কমিশন।

Next Post Previous Post

মন্তব্য করুন