বিসিবির সংবাদ সম্মেলনে সাংবাদিকের সঙ্গে বাক্যবিনিময়, উদ্বেগ জানাল কোয়াব

 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির সাম্প্রতিক সংবাদ সম্মেলনে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে আগামী কয়েক মাসের মাঠ ব্যবস্থাপনা ও প্রস্তুতি পরিকল্পনা তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বে এক সিনিয়র ক্রীড়া সাংবাদিকের প্রশ্নের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাইলট, যা একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। এ ঘটনায় ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর পরদিন বুধবার কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে সংবাদ সম্মেলনের মতো একটি পেশাদার পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কোয়াব মনে করে, মতভেদ কিংবা কঠিন প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে শালীনতা ও পেশাগত শিষ্টাচার রক্ষা করা সবার দায়িত্ব। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ক্রিকেটাঙ্গনে কোচ, বোর্ড কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিক—সবার মর্যাদা ও ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় কোয়াব। একই সঙ্গে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে যে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনা ও মতবিনিময়ে আরও সম্মানজনক, ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। কোয়াবের মতে, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারে।

Next Post Previous Post

মন্তব্য করুন