বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট জানালেন ডি ভিলিয়ার্স


টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট দলের নাম জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার বাছাই করা তালিকায় জায়গা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ডি ভিলিয়ার্সের মতে, এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে পারে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। চতুর্থ দল হিসেবে তিনি দেখছেন নিউজিল্যান্ড অথবা পাকিস্তানকে। স্বাগতিক হওয়ার কারণে ভারতীয় দল বাড়তি চাপে থাকবে বলেও মন্তব্য করেছেন এই প্রোটিয়া কিংবদন্তি।

আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই আসর সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর শক্তি ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করছেন সাবেক ক্রিকেটাররা। কে হবে শিরোপার দাবিদার, কোন দল কতটা এগিয়ে—এসব নিয়েই মতামত দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

ভারতীয় বোর্ডের কর্তাদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলেও স্বাগতিক ভারতকে বিশ্বকাপে এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষক। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বর্তমান ভারতীয় দলটি বেশ ভারসাম্যপূর্ণ বলেই মনে করেন ডি ভিলিয়ার্স। ব্যাটিং–বোলিং মিলিয়ে শক্তিশালী কম্বিনেশন রয়েছে দলটির। তবে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না থাকায় ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কিছুটা ঘাটতি থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

ডি ভিলিয়ার্সের মতে, ভারতের ওপর বাড়তি চাপের অন্যতম কারণ সমর্থকদের অতিরিক্ত প্রত্যাশা। প্রতিটি বিশ্বকাপেই ভারতকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখা হয়, যা খেলোয়াড়দের মানসিকভাবে চাপে ফেলে। ক্রিকেট কর্তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডও সেই চাপ বাড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ যে রোমাঞ্চকর হতে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক।
Next Post Previous Post

মন্তব্য করুন